ব্রাহ্মণবাড়িয়ার দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুতি সভা, গুজব ছড়ালে পুলিশকে জানানোর আহ্বান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বিকাল ১৬.০০ ঘটিকায় ০৯টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জেলা পুলিশ সুপার জনাব মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা এর সভাপতিত্বে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তবৃন্দের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ, অগ্নিনিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সমন্বয়ের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক তথ্য যাচাই ছাড়া প্রচার বা শেয়ার না করার এবং কোনো বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। নারী ও শিশুদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং মাইক ব্যবহারে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়। সভায় বিভিন্ন থানা এলাকার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিরাপত্তা ও স্থানীয় পরিস্থিতি নিয়ে মতামত দেন। পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়। শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।



