থোল্লাকান্দির রিমনের গুলিবিদ্ধ মরদেহ পড়েছিল উলুকান্দিতে, তদন্তে পিবিআই

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের উলুকান্দী শেখ হাসিনা কলেজ মাঠসংলগ্ন এলাকা থেকে রিমন (২২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিমন নবীনগর উপজেলার নতুন থোলাকান্দি গ্রামের ফুরকান মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩:৩০মিনিটের দিকে এলাকাবাসী কলেজ মাঠের পাশের একটি রাস্তায় রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় । নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সুপার ও পি বি আই একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



