বাঞ্ছারামপুর

রূপগঞ্জে রোগীর গলা থেকে স্বর্ণ চুরির চেষ্টা: বাঞ্ছারামপুরের এক নারীসহ চারজনের কারাদণ্ড

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার চার নারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে হাসপাতালের ভেতরে এই চুরির ঘটনা ঘটে। দায়িত্বে থাকা আনসার সদস্যদের তৎপরতায় তাঁদের হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত নারীরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার একতারপুর গ্রামের মর্তুজা বেগম (৬৫), নাসিরনগর উপজেলার বীরমঙ্গল গ্রামের রুনা বেগম (২২), শাহনাজ বেগম (৬২) এবং বুশরা বেগম (৩০)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

আনসার বাহিনী সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই চুরির ঘটনা ঘটায় রোগী ও তাঁদের স্বজনদের নিরাপত্তায় আনসার সদস্যরা আগে থেকেই সতর্ক অবস্থানে ছিলেন। সোমবার দুপুরে হাসপাতালের ভেতরে ওই চার নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে বিষয়টি ক্যাম্পের দায়িত্বে থাকা প্লাটুন কমান্ডারকে জানানো হয়। পরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় এক রোগীর গলা থেকে স্বর্ণালংকার চুরির চেষ্টাকালে তাঁদের হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক নারীদের থানায় হস্তান্তর করা হয়। পরবর্তীতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে রূপগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানে সাধারণ রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আনসার সদস্যদের এ ধরনের সতর্কতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Related Articles

Back to top button