ছয়ফুল্লাকান্দিতে গণসংহতির কর্মীসভা, ৩৯ সদস্যের কমিটিতে ঠাঁই হলো কাদের?

ছয়ফুল্লাকান্দিতে গণসংহতির কর্মীসভা, ৩৯ সদস্যের কমিটিতে ঠাঁই হলো কাদের?
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের (জিএসএ) মতবিনিময় ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। একই সঙ্গে ইউনিয়ন পর্যায়ে ৩৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার বিকেলে ছয়ফুল্লাকান্দি বাজারের ফজলুল হক সুপার মার্কেটে অবস্থিত গণসংহতি আন্দোলনের কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।
‘নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’—এই আহ্বানকে সামনে রেখে আয়োজিত সভায় স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের নেতা ইলিয়াসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নটির সভাপতি শাহজাহান মাতু ডাক্তার। প্রধান অতিথি ছিলেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন যুব ফেডারেশনের আহ্বায়ক ও সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কেন্দ্রীয় পরামর্শক গ্রুপের সদস্য অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন খালেদ হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক শামীম শিবলী এবং জাতীয় পরিষদের সদস্য মো. রাকিবুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, দেশে নতুন রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য তৃণমূল পর্যায়ে সংগঠনের সাংগঠনিক ভিত্তি মজবুত করা, নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের ৩৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে শাহজাহান মাতু ডাক্তারকে আহ্বায়ক, রকিবুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোহাম্মদ মহিউদ্দিন ভাসানীকে যুগ্ম আহ্বায়ক, নুর আলম খান যুগ্ম আহবায়ক, মহিউদ্দিন শুকুর আলী যুগ্ম আহবায়ক, মোহাম্মদ আলীকে সদস্যসচিব এবং মোহাম্মদ কুদ্দুস, মো. একরাম হোসেন সাংবাদিক সেলিম রেজাসহ অন্যদের যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃত্বে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে গণসংহতি আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাঞ্ছারামপুর উপজেলায় সংগঠনটিকে একটি মডেল সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।



