ছয়ফুল্লাকান্দিতে ক্লাস ফাঁকি ও টিকটক বন্ধের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ক্লাস ফাঁকি দিয়ে টিকটক ও আড্ডা বন্ধের দাবিতে স্মারকলিপি দিল ছাত্রদল
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিতকরণ এবং ক্লাস ফাঁকি দিয়ে টিকটক তৈরি ও ঘোরাঘুরি বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন শাখার উদ্যোগে শাহ রাহাত আলী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে জানানো হয়, বর্তমানে কিছু শিক্ষার্থী বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পরও নিয়মিত ক্লাসে না গিয়ে বাইরে ঘোরাঘুরি করছে। এমনকি প্রতিষ্ঠানের নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের অগোচরে হাতিরঝিলে গিয়ে টিকটক ভিডিও তৈরি ও বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে সময় ব্যয় করছে বলে অভিযোগ উঠেছে।
ছাত্রদল নেতৃবৃন্দ উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনোযোগ নষ্ট করছে এবং তাদের শৃঙ্খলা, নৈতিকতা ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি অভিভাবকদের অজান্তে শিক্ষার্থীদের বাইরে অবস্থান করা তাদের নিরাপত্তার জন্যও উদ্বেগের বিষয়।
এ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত উপস্থিতি পর্যবেক্ষণ এবং অভিভাবকদের অবহিতকরণের মাধ্যমে সুশিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন ছাত্রদলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।



