নবীনগরে সাংবাদিকদের গাড়ি থেকে চাঁদা আদায়, যুবদল নেতাকে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সাংবাদিকদের গাড়ি থামিয়ে পৌরসভার ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগে যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব ওরফে বিপ্লব সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। ওই কারণ দর্শাও নোটিশে সাংবাদিকদের সাথে অসদাচরণের অভিযোগের প্রেক্ষিতে কেন যুবদল নেতা বিপ্লবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, আগামি ২৪ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সামনে উপস্থিত হয়ে তার জবাব দিতে তাকে নির্দেশ দেয়া হয়েছে।’
অভিযুক্ত বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।
সাংবাদিকদের অভিযোগ, ইজারার টোল আদায়ের নামে মূলত সাংবাদিকদের সঙ্গে অসদারচরণসহ তাদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেছেন ওই যুবদল নেতা।
তবে এমন অভিযোগকে সম্পূর্ণ মিথ্যে ও হাস্যকর দাবি করে ওই যুবদল নেতা উল্টো বলেছেন,’আমি নই, মূলত সাংবাদিকেরাই আমার সঙ্গে অশোভন আচরণ করে আমাকে দেখে নেয়ার হুমকী দিয়েছেন।’
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর-ব্রাহ্মণবাড়িয়া রাধিকা সড়কের আলীয়াবাদ গোল চত্বরে এ ঘটনাটি ঘটে।
ঘটনাটি ইতিমধ্যেই দেশের একাধিক জাতীয় গণমাধ্যমসহ ফেসবুকে বেশ ফলাও করে প্রকাশিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে জেলা সদরের বেশ কয়েকজন মূল ধারার জাতীয় গণমাধ্যমকর্মী সংবাদ সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাস যোগে জেলা সদর থেকে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা নামক একটি গ্রামে যাচ্ছিলেন।
কিন্তু সাংবাদিকদের গাড়িটি উপজেলার আলীয়াবাদ গোল চত্বরে এসে পৌঁছলে, ওই সিএনজি স্ট্যান্ডের ইজারাদারের লোকজন সাংবাদিকদের গাড়িটি থামিয়ে ইজারার নির্ধারিত টাকা দাবি করেন।
সেসময় ইজারার মাত্র ৪০ টাকার টোল আদায় নিয়ে সাংবাদিকদের সঙ্গে টোল আদায়কারী এক ব্যক্তির প্রচন্ড বাগবিতন্ডা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইজারার পরিচালক স্থানীয় যুবদল নেতা আসাদুজ্জামান বিপ্লব।
সাংবাদিকদের অভিযোগ, যুবদলের নেতা বিপ্লব সরকার ঘটনাস্থলে এসেই সাংবাদিকদের সঙ্গে মারাত্মক অসদাচরণ করেন এবং ইজারার টাকার নামে সাংবাদিকদের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করেন। এমনকি সাংবাদিকদের মারতে উদ্যত হন।’
পরে বিষয়টি সাংবাদিকেরা তাৎক্ষণিকভাবে স্থানীয় সাংসদ ও পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ইউএনওকে অবগত করে এর প্রতিকার চান।
তবে যুবদল নেতা বিপ্লব বলেন,’সাংবাদিকেরা আমার বিরুদ্ধে যেসব মিথ্যে অভিযোগ করে কেন্দ্রীয় যুবদল কর্তৃক আমাকে শোকজ করিয়েছে। সেই শোকজের জবাবও যথাসময়ে আমার নিরপরাধের সব ডকুমেন্টসহ যাবতীয় তথ্য প্রমাণ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের কাছে জমা দেবো।’
এ বিষয়ে নবীনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নবীনগর পৌরসভার প্রশাসক রাকিবুল ইসলাম বলেন,’শুধু সাংবাদিকদের গাড়ি কেন ইজারা দেওয়া স্থান শুধুমাত্র স্ট্যান্ডের সংশ্লিষ্ট গাড়ী ছাড়া ওই সড়কে চরাচলরত অন্য কোনো গাড়ি থেকেই ইজারার টোল আদায় করা যাবে না। ‘
ইজারার এই টোল আদায় নিয়ে যেহেতু ‘চাঁদাবাজি’র অভিযোগ উঠেছে, তাই এমপি মহোদয়ের সঙ্গে কথা বলে, এই ইজারা আমরা বাতিল করে দেবো।



