রায়পুরার মানুষ চাইছে বিচার, হাসছে বাঞ্ছারামপুরবাসী

বাঞ্ছারামপুরের শান্তিপুরেই যেন সবচেয়ে বেশি অশান্তি। গোষ্ঠীগত বিরোধে কিছু দিন পরপরই হয় সংঘর্ষ। এবার রোববার মধ্যরাতে গোলাগুলি আর ধাওয়া পাল্টা ধাওয়াতে প্রাণ গেল জুয়েল মিয়া নামে এক যুবকের। নিহত এই যুবকের বাড়ি নরসিংদীতে। তবে প্রশ্ন উঠেছে ব্রাহ্মণবাড়িয়ায় কেন নরসিংদীর লোক? ভাড়া করা সৈন্য দিয়েই তাহলে চলছে এই মরণ খেলা! রায়পুরা থেকে ভাড়াটেদের কারণেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বইছে রক্তের বন্যা এমনটি বলছেন স্থানীয়রা। আর পুরো এলাকায় নিন্দার ঝড়।
এ ঘটনায় বিচার দাবি করেছেন নিহতের স্বজন ও নরসিংদীবাসী। তবে এতে হা হা রিয়েক্ট দিচ্ছেন বাঞ্ছারামপুরের অনেকে। তারা বলছেন, ‘ ভাড়াটে সন্ত্রাসের আবার কিসের বিচার’! সে কাউকে মারতেই এসেছিল, কিন্তু নিজেই মরে গেছে! তার জন্য আরো কয়েক মায়ের বুক খালি হতে পারতো৷ অন্য জেলার মানুষ কেন ঢুকবে মারামারি করতে?
এ ঘটনায় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বন্দুক ও গুলি উদ্ধার করছে পুলিশ।
এবার একটু জেনে নেয়া যাক কোন কারণে এই সংঘর্ষ! গ্রামটির সেবু সরকারের বাড়ির দেড়শো লোক গত তিন মাস ধরে এলাকা ছাড়া। রোববার রাতে তারা গ্রামে ঢুকতেই অতর্কিত হামলার শিকার হন বলে জানা যায়। এই বংশের বাড়িঘর ভাংচুর ও ১০ গরু-ছাগল লুটের অভিযোগও করেন তারা।
অন্যদিকে আজগর আলী সরকার বাড়ির লোকজন বলছেন পাল্টাপাল্টি হামলা হয়েছে। কোনো লুটপাট হয়নি।
জানা যায় শান্তিপুর গ্রামের সেবু সরকার ও আজগর আলী সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
সেবু সররকারের বাড়ির লোকজন গত তিন মাস ধরে আজগর আলী সরকার বাড়ির লোকজনদের হামলার লুটপাটের ঘটনায় প্রায় ১৫০ লোক এলাকা ছেড়ে নরসিংদীতে বসবাস করে আসছিল। তারা গতকাল রোববার গ্রামে প্রবেশ করলে তাদের উপর হামলা করে ককটেল বিস্ফোরণ করে গুলি ছুড়ে।
এর জেরে চলতি বছরের ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এসময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি তাজা ককটেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



