শান্তিপুরে মধ্যরাতে গোলাগুলি আর সংঘর্ষে অশান্তি, প্রাণ গেল একজনের

শান্তিপুরে মধ্যরাতে গোলাগুলি আর সংঘর্ষে অশান্তি, প্রাণ গেল একজনের
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শান্তিপুরে দীর্ঘ বছরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে জুয়েল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, শান্তিপুর গ্রামের সেবু সরকার ও আজগর আলী সরকার বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘ বছর ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
সেবু সররকারের বাড়ির লোকজন গত তিন মাস ধরে আজগর আলী সরকার বাড়ির লোকজনদের হামলার লুটপাটের ঘটনায় প্রায় ১৫০ লোক এলাকা ছেড়ে নরসিংদীতে বসবাস করে আসছিল। তারা গতকাল রোববার গ্রামে প্রবেশ করলে তাদের উপর হামলা করে ককটেল বিস্ফোরণ করে গুলি ছুড়ে।
এর জেরে চলতি বছরের গত ৩০ জুনও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফের দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এসময় কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এবিষয়ে সেবু সররকারে নাতি মোক্তার হোসেন সরকার বলেন, “আমাদের বংশের দেড়শো লোক ৩ মাস ধরে এলাকা ছাড়া। গতকাল রোববার ডুকার পরে আজগর আলী সরকার বাড়ির সাদেক মেম্বার, ইসমাইল, ইব্রাহিম, জহিরুল হক ছোট্টু মিয়া, মোমেন মিয়া, এমরান ওদের নেতৃত্বে এক তরফা হামলা হয়েছে। আমাদের বাড়িঘর ভাংচুর করে ১০ টা গরু নিয়া গেছে এবং মালামাল লুট করে নিয়ে গেছে। ওরা এক তরফা হামলা করেছে।”
এবিষয়ে আজগর আলী সরকার বাড়ির নেতা সাদেক মেম্বার বলেন, “পাল্টাপাল্টি হামলা হয়েছে। আমরা লুটপাট করি নাই।”
আহতদের বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পার্শবর্তী নরসিংদী জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে জুয়েল মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
গুরুতর আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত জুয়েল নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের ছেন্টু মিয়ার ছেলে।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার লিটন আব্দুল্লাহ বলেন, জুয়েল মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান।
আহত স্বাধীন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি তাজা ককটেল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।



