বাঞ্ছারামপুর

বাবার অসমাপ্ত স্বপ্ন পূরণে শ্যামগ্রামের ঘরে ঘরে যাচ্ছেন সাকিল আহমে

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক জননন্দিত চেয়ারম্যান মরহুম শফিকুল ইসলাম বাতেনের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন এবং ইউনিয়নবাসীর পাশে থাকার প্রত্যয় নিয়ে গণসংযোগে মুখরিত করে তুলেছেন তাঁর বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী ও লন্ডনপ্রবাসী চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ সাকিল আহমেদ। পূর্বঘোষিত মোটরসাইকেল শোভাযাত্রার ধারাবাহিকতায় আজ রবিবারও তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

এর আগে গত শুক্রবার বিকেলে মরহুম শফিকুল ইসলাম বাতেন চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শ্যামগ্রাম বাজার, মাঝিয়ারা বাজার, বানিয়েচং মোড়, মানিকনগর বাজার, শাহবাজপুর মেডেল পয়েন্ট এবং শ্রীঘর নুরু মার্কেটসহ গুরুত্বপূর্ণ সড়ক ও বাজারগুলো প্রদক্ষিণ করে। এ সময় বাজারে বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।

মোটরসাইকেল শোভাযাত্রার সফলতার পর আজ ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠদের সালাম ও কুশল বিনিময়ের মাধ্যমে দোয়া প্রার্থনা করেন সাকিল আহমেদ। তাঁর এই গণসংযোগে নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

গণসংযোগ ও উঠান বৈঠকে নিজের প্রার্থিতার প্রেক্ষাপট তুলে ধরে আবেগাপ্লুত কণ্ঠে সাকিল আহমেদ বলেন, “আমার বাবা মরহুম শফিকুল ইসলাম বাতেন ছিলেন এই ইউনিয়নের একজন জননন্দিত চেয়ারম্যান। তিনি সারাজীবন মানুষের ভালোবাসাকে পুঁজি করে উন্নয়নমূলক কাজ করে গেছেন। আমার চাচা মোহাম্মদ রুস্তম আহমেদও সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অপর চাচা শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপির তিনবারের সভাপতি বর্তমানে অসুস্থ থাকায় পরিবারের সিদ্ধান্ত ও জনসেবার তাগিদ থেকে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।”

 

তিনি আরও অঙ্গীকার করেন, “আপনাদের দোয়া ও সমর্থন পেলে আমি শ্যামগ্রাম ইউনিয়নকে একটি মাদক, চুরি ও সন্ত্রাসমুক্ত আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব। রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বাবার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করাই আমার একমাত্র লক্ষ্য।”

 

সাবেক চেয়ারম্যানদের পারিবারিক ঐতিহ্য, রাজনৈতিক পরিচিতি এবং সরাসরি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের কারণে শ্যামগ্রাম ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছেন মোহাম্মদ সাকিল আহমেদ। স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্ব ও পারিবারিক আদর্শকে ধারণ করে যিনি এলাকার সার্বিক উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখবেন, তাকেই তারা প্রতিনিধি হিসেবে বেছে নেবেন।

Related Articles

Back to top button