আখাউড়ায় ইয়াবাসহ ধরা পড়লেন বিজিবি সদস্য

আখাউড়ায় ইয়াবাসহ ধরা পড়লেন বিজিবি সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬০০ পিস ইয়াবাসহ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌরসভার দেবগ্রাম নয়াবাজার এলাকার ‘মা জননী স্টোরে’র সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বিজিবি সদস্যের নাম মো. তামিম রানা (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার হরিরামপুর ইউনিয়নের নিকুরকান্দা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তামিম রানা বর্তমানে রাঙ্গামাটির বরকল বিওপিতে (৪৫ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টার্স) সিপাহী পদে কর্মরত আছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই মো. সামছুল হক, এএসআই মো. ওমর ফারুক এবং এএসআই বিল্লাল হোসেনের নেতৃত্বে একটি টিম আখাউড়া-মোগড়া বাজারগামী সড়কে অভিযান চালায়। এ সময় দেবগ্রাম নয়াবাজার এলাকা থেকে তামিম রানাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিজিবি আইডি কার্ড এবং ১টি বাটন মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বিজিবি সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



