রূপসদীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক কারবারি বিজয় গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বিজয় (২০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭/১০/২০২৬ ইং তারিখে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি টিম মোবাইল ফোনের মাধ্যমে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উপজেলার ১০নং রূপসদী ইউনিয়নের দক্ষিণ-পশ্চিমপাড়া এলাকার রূপসদী পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় মাদক কারবারি মো. বিজয়কে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে উপস্থিত জনসাধারণ ও সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে মাদকগুলো জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. বিজয় উপজেলার ১০নং রূপসদী ইউপির রূপসদী কান্দাপাড়া এলাকার মো. কালা মিয়া প্রকাশ কালা চেরা ও ছালমা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের মিডিয়া সেল।



