বাফুফের অনুমোদনের অপেক্ষায় এফসি ব্রাহ্মণবাড়িয়া

বাফুফের অনুমোদনের অপেক্ষায় এফসি ব্রাহ্মণবাড়িয়া
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) ২০২৬-২৭ মৌসুমে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ক্লাব লাইসেন্সিংয়ের সকল কার্যক্রম সম্পন্ন করেছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। বর্তমানে ক্লাবটি বাফুফের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এফসি ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সময়ের বাঞ্ছারামপুরকে জানান, ক্লাব লাইসেন্সিংয়ের জন্য বাফুফের নির্ধারিত সকল শর্ত পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে। এখন অনুমোদন পেলেই বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশগ্রহণের সুযোগ পাবে দলটি।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার নামে গঠিত আমাদের এই ক্লাবটি আঞ্চলিক ফুটবলের উন্নয়নের মাধ্যমে দেশের ফুটবলে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে। জেলার প্রতিভাবান ফুটবলারদের জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমরা বদ্ধপরিকর।”
মোঃ শাহাদাত হোসেন আরও জানান, বাফুফের অনুমোদন পাওয়া গেলে এফসি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অংশ নিয়ে জেলার ক্রীড়াঙ্গনের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি এ জন্য জেলার ফুটবলপ্রেমী মানুষ ও ক্রীড়া সংগঠকদের সহযোগিতা কামনা করেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এফসি ব্রাহ্মণবাড়িয়ার অংশগ্রহণ নিশ্চিত হলে জেলার ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং স্থানীয় খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের আরও বড় সুযোগ পাবেন।



