বাঞ্ছারামপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখা।
শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বকে উৎসাহিত করতে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক (ক্রেস্ট) এবং শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি মো. সোহেল তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শাখার দাওয়াহ সেক্রেটারি আবদুল মুহাইমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. মহসিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল আলিম আরিফ, মানারাত ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান রফিকুজ্জামান রুমন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি জুলফিকার হায়দার রাফি, প্রচার সম্পাদক সাইফুল্লাহ আল আরিফ এবং নবীনগর উপজেলা শাখার সভাপতি মাহিমুর রহমান মাহিমসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই যথেষ্ট নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তারা শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
সংবর্ধনা পেয়ে কৃতি শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



