আকানগর SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের উন্নয়নে নতুন উদ্যোগ, আজীবন দাতা সদস্য ঘোষণা ৮ জনের

আকানগর SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের জমি ক্রয়, অবকাঠামোগত উন্নয়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় সভাপতি, প্রধান শিক্ষক, আজীবন দাতা সদস্য এবং আকানগর, জয়নগর, ইমামনগর ও জয়কালিপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সম্প্রতি সলিমগঞ্জ স্টার ব্রাইট রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত হয়, বিদ্যালয়ের উন্নয়ন ও জমি ক্রয়ের জন্য অনুদানের অর্থ সংগ্রহে সলিমগঞ্জ বাজারে সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান, হোসেন বেপারী ও সাবেক ওয়ার্ড মেম্বার মোহন মেম্বারের যৌথ নামে একটি ব্যাংক হিসাব খোলা হবে। সংগৃহীত অর্থ বিদ্যালয়ের উন্নয়ন ও জমি ক্রয়ের কাজে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
৮ জনের এক শতাংশ করে জমি দানের ঘোষণা
সভায় বিদ্যালয়ের উন্নয়নে এক শতাংশ করে জমি দান করে আজীবন দাতা সদস্য হওয়ার ঘোষণা দেন ৮ ব্যক্তি। তারা হলেন—পাহাড়িয়াকান্দির মো. সাহিদ মিয়া বিলপাড়-আকানগরের কাউসার মিয়া সরকার বাড়ির সাইফুল আলম সরকার, কুয়েতপ্রবাসী জয়কালিপুরের কাউসার, তেজখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক শিশু জয়নগরের বীর মুক্তিযোদ্ধা মিদন ইমামনগরের আবুল হোসেন, এবং আকানগর SESDP মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট আমির হোসেন সরকার।
এছাড়া বিদ্যালয়ের উন্নয়নে আরও বেশ কিছু আর্থিক অনুদানের ঘোষণা এসেছে বলে সভায় জানানো হয়।
সভাপতির বক্তব্য
সভাপতি অ্যাডভোকেট আমির হোসেন সরকার বলেন, আকানগর SESDP মডেল উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার সন্তানদের ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বিদ্যালয়ের জমি ও অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করতে হলে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আমরা স্বচ্ছতা ও সবার অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চাই। যারা ইতোমধ্যে জমি ও অর্থ দিয়ে সহযোগিতার ঘোষণা দিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আশা করি ভবিষ্যতেও সবাই নিজ নিজ অবস্থান থেকে পাশে থাকবেন।
তিনি আরও বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর একক উদ্যোগ নয়; বিদ্যালয়ের উন্নয়নকে কেন্দ্র করে এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগই আমাদের মূল লক্ষ্য।
তিনটি উন্নয়ন সমাবেশের ঘোষণা
বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সভায় তিনটি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
৯ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় ভোলা মার্কেটে জয়নগর, ইমামনগর ও জয়কালিপুরের সমন্বয়ে উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
১৬ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় হানারপাড় ২নং ওয়ার্ডের সমন্বয়ে দ্বিতীয় উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৩ অক্টোবর, শুক্রবার বিকেল ৪টায় সহদেব বাজারে সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে বৃহৎ উন্নয়ন মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে প্রতিটি ওয়ার্ডে উপদেষ্টা কমিটি ও কার্যকরী কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় উপস্থিতরা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার মাধ্যমে আকানগর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের জমি, অবকাঠামো ও শিক্ষার পরিবেশের উন্নয়ন আরও এগিয়ে যাবে।



