নবীনগরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত

গরু চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু, নবীনগরে চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সাতমোড়া ইউনিয়নে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে কাজল মিয়া (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সাতমোড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নলোয়ার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাজল মিয়া কুমিল্লার বাঙ্গরা বাজার থানার হাসনাবাদ পশ্চিমপাড়া এলাকার ফরিদ মিয়া ও পারুল বেগমের ছেলে। তাঁর ডাকঘর পান্ডুঘর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার গভীর রাতে নলোয়ার পাড়া গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা ইউনুস মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে কাজল মিয়া প্রবেশ করেছেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে গরুচোর ঢোকার ঘোষণা দেওয়া হয়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে গরুসহ আটক করেন বলে জানা গেছে।
এ সময় উত্তেজিত জনতা তাঁকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং গণপিটুনিতে জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।



