পৌরসভার উদ্দ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ার নতুন পদক্ষেপ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় বাসাবাড়ি থেকে সরাসরি ময়লা-আবর্জনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। পৌর এলাকার পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পৌর প্রশাসক রবিউল হাসান ভূঁইয়ার উদ্যোগে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়ি থেকে উৎপাদিত গৃহস্থালি বর্জ্য নির্দিষ্টভাবে সংগ্রহ করে অপসারণের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে যত্রতত্র ময়লা ফেলার প্রবণতা কমার পাশাপাশি পৌর এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এতদিন অনেক স্থানে বাসাবাড়ির ময়লা-আবর্জনা রাস্তার পাশে, খোলা জায়গায় কিংবা নালা-নর্দমার আশপাশে ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হতো। নতুন এ উদ্যোগের ফলে নাগরিকদের নির্দিষ্ট নিয়মে ময়লা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
পৌর প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে—বাসাবাড়ির ময়লা নির্দিষ্ট সময়ে ও নির্ধারিত স্থানে সংগ্রহকারীদের কাছে তুলে দিতে হবে। একই সঙ্গে রাস্তা, ড্রেন, খোলা জায়গা ও জলাশয়ে ময়লা না ফেলে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে।
পৌর প্রশাসক রবিউল হাসান ভূঁইয়ার নেতৃত্বে শুরু হওয়া এই কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়িত হলে বাঞ্ছারামপুর পৌরসভাকে আরও পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
পরিচ্ছন্ন বাঞ্ছারামপুর গড়তে পৌর প্রশাসনের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সহযোগিতাই হতে পারে এই উদ্যোগের সফলতার মূল চাবিকাঠি।



