ব্রাহ্মণবাড়িয়া

‎ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে চার দিন পর মারা গেলেন ইখতারা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর মারা গেছেন তিন সন্তানের জননী ইখতারা সরকার (৩০)।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
‎
‎নিহত ইখতারা আশুগঞ্জ উপজেলার চর চারতলা গ্রামের ঈদন সরকারের মেয়ে। তার স্বামী জাহাঙ্গীর মিয়ার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়। প্রায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন।
‎
‎পরিবারের সদস্যরা জানান, জাহাঙ্গীর প্রায় এক বছর ধরে মাদকাসক্ত। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। তিনি স্ত্রীকে মারধরও করতেন। দেড় মাস আগে স্বামীর নির্যাতনের শিকার হয়ে দুই বছর বয়সী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন ইখতারা।
‎
‎স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের দিন শুক্রবার (৩০ অক্টোবর) ছোট ছেলেকে নিতে শ্বশুরবাড়িতে আসেন জাহাঙ্গীর। এ সময় স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি।
‎
‎পরদিন ভোরে ইখতারার মা ফজরের নামাজ পড়তে ঘর থেকে বের হলে সেই সুযোগে ঘরে প্রবেশ করেন জাহাঙ্গীর। অভিযোগ অনুযায়ী, এ সময় ঘুমন্ত ইখতারার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি।
‎
‎এ ঘটনায় ইখতারার গলা, কণ্ঠনালীসহ শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।
‎
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

Related Articles

Back to top button