ভুয়া চিকিৎসক অপবাদ প্রত্যাহারের দাবিতে শহীদুল্লাহর সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজেকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মো. শহিদুল্লাহ নামে এক স্বাস্থ্যসেবাকর্মী।
রোববার (১৩ জুলাই) বিকেলে বাঞ্ছারামপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, সম্প্রতি পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়।
তিনি বলেন, তিনি একজন নিবন্ধিত কমিউনিটি প্যারামেডিক ও ডিপ্লোমাধারী স্বাস্থ্যকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। অভিযানের সময় প্রয়োজনীয় কিছু কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় ভুল তথ্য প্রচার হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে শহিদুল্লাহ জানান, তার বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনগুলোতে তাকে ‘ভুয়া চিকিৎসক’ হিসেবে উল্লেখ করা হলেও তিনি কোনোভাবেই নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দেননি। বরং তার অর্জিত প্রশিক্ষণ ও সনদের আলোকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন।
তিনি আরও বলেন, “ভুয়া চিকিৎসক আখ্যা দিয়ে প্রচার চালানোয় আমি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছি এবং আমার পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে। তাই প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর প্রচার বন্ধের দাবি জানাচ্ছি।”
এ সময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি এবং তার বক্তব্যের সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করেন।



