কুয়েত থেকে দেশে ফেরার পথে পূর্বাচলে ডাকাতির শিকার হোমনার প্রবাসী

কুমিল্লার হোমনা উপজেলার কলাকান্দি গ্রামের এক প্রবাসী কুয়েত থেকে দেশে ফেরার পথে রাজধানীর পূর্বাচল এলাকায় ডাকাতির শিকার হয়েছেন। এ ঘটনায় নগদ অর্থ, কুয়েতি দিনার, মোবাইল ফোন, মানিব্যাগ ও পাসপোর্ট লুট হয়ে গেলেও পরে পুলিশ পাসপোর্টটি উদ্ধার করে ভুক্তভোগীর কাছে হস্তান্তর করেছে।
ভুক্তভোগী মো. ফয়সাল আহাম্মেদ, তিনি হোমনা উপজেলার কলাকান্দি গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ কবির মিয়ার ছেলে।
জানা যায়, কুয়েত থেকে দেশে ফেরার পর রাত আনুমানিক ৩টার দিকে পূর্বাচলের একটি নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে একটি প্রাইভেটকারে থাকা সংঘবদ্ধ ডাকাত দল। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে গাড়ির চালক ও ফয়সাল আহাম্মেদকে মারধর করা হয়। পরে ডাকাতরা তাদের কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ, পাসপোর্ট এবং প্রায় এক লাখ টাকা মূল্যের কুয়েতি দিনার ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগীরা সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ডাকাত দল ফয়সাল আহাম্মেদের পাসপোর্টটি অন্য একটি থানা বা পুলিশ ফাঁড়িতে ‘কুড়িয়ে পাওয়া’ বলে জমা দেয়।
পাসপোর্টে থাকা যোগাযোগ নম্বরের মাধ্যমে পুলিশ ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে জানায়, তার পাসপোর্ট উদ্ধার হয়েছে এবং থানায় সংরক্ষিত রয়েছে। পরবর্তীতে তিনি থানায় গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্টটি বুঝে নেন।
এ ঘটনায় জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।



