ব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে গ্রেফতার আসামি আদালত চত্বর থেকে পালানোয় ২ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার আদালত চত্বরে মাদক মামলার দুই আসামির পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল রয়েল বড়ুয়া। ঘটনার পর তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর এলাকা থেকে প্রায় দুই কেজি গাঁজাসহ শাহীন মিয়া ও সজল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। পরদিন মঙ্গলবার বিকেলে তাদেরকে অন্যান্য আসামিদের সঙ্গে একটি মাইক্রোবাসে করে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

আদালতে হস্তান্তরের আগ মুহূর্তে, আদালত ভবনের নিচতলার বারান্দার গেট এলাকা থেকে হাতকড়াসহ কৌশলে পালিয়ে যায় ওই দুই আসামি। পরে আসামি গণনার সময় বিষয়টি ধরা পড়ে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ধাওয়া করে সজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। অন্যদিকে অভিযান চালিয়ে বিজয়নগরের নিজ বাড়ি থেকে শাহীন মিয়াকে পুনরায় গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান।

Related Articles

Back to top button