বাঞ্ছারামপুরলাইফ স্টাইলসারাদেশে

রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, বাড়ি বাঞ্ছারামপুরে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আমজাদের মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাহফুজুর ভিডিও কলে ছিলেন। এ সময় তিনি আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি টের পেয়ে তার পরিচিত একজন দ্রুত ছাত্রাবাস কর্তৃপক্ষকে জানান। পরে ম্যানেজার ও কয়েকজন শিক্ষার্থী রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির ভুঁইয়া বলেন, মাহফুজুর অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার এমন পরিণতি শিক্ষক ও সহপাঠীদের জন্য বিস্ময়কর। তিনি শিক্ষার্থীদের মানসিক সমস্যাগুলো নিয়ে আরও খোলামেলা যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান জানান, প্রাথমিক সুরতহালে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি।

এদিকে মতিহার থানার ওসি মোহাম্মদ গোলাম কবির বলেন, ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত শেষ হওয়ার আগে চূড়ান্তভাবে কিছু বলা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button