বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে একাধিক বিএনপি প্রার্থীর মনোনয়ন দাখিল, বিভাজন নাকি কৌশল

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন ঘিরে রাজনৈতিক সমীকরণ জটিল হচ্ছে। এ আসনটিতে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তবে অনেকেরই প্রশ্ন কেনই বা বিএনপির এতোজন মনোনয়ন দাখিল করছেন? এটি কী বিভাজন নাকি কৌশল?

উপজেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসনটিতে বিএনপির আধিপত্য ধরে রাখতে নানা কৌশলে আগাচ্ছে বিএনপি। সেই কৌশলের অংশ হিসেবেই একাধিক প্রার্থীর মনোনয়ন দাখিল করা হয়েছে।

এমন কৌশলের কারণ হিসেবে জানা গেছে, যে কোনো কারণে বিএনপির হেভিওয়েট যে কোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল হতে পারে। সেক্ষেত্রে বিএনপি যেন এই সংকটে না ভোগে সঙ্গে সঙ্গে নতুন স্বতন্ত্র প্রার্থী ঘোষণা করতে পারেন এ জন্যই এই কৌশলে আগাচ্ছে বিএনপি। পরবর্তীতে সমন্বিত সিদ্ধান্তে একজন স্বতন্ত্র প্রার্থী রেখে বাকিরা তা প্রত্যাহার করবেন বলেও জানা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি, জেলা বিএনপির নেতা কাজী দবির উদ্দিন ও  ড.মো: সাইদুজ্জামান কামাল।

এসময় তাদের সমর্থকদের দেখা যায় উপজেলা জুড়ে। নিজেদের নির্বাচনের জন্য দোয়াও চান সবাই।

এর আগে জোনায়েদ সাকির মনোনয়ন ঘিরে দেখা দেয় উত্তেজনা। তিনি মনোনয়নপত্র দাখিল করতে পারেননি এ সংক্রান্ত একটি তথ্য ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।

তবে অবশেষে জোনায়েদ সাকি তার মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন বলে নিশ্চিত হওয়া গেছে দলীয় সূত্রে।

সোমবার ( ২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি মনোনয়ন দাখিল করেন।

নির্বাহী কর্মকর্তার সাক্ষর সংবলিত একটি ফরম সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় জোনায়েদ সাকি ফরম জমা দিতে গেলে সেখানে থাকা কয়েকজন বলছেন, বিকেল পাঁচটার পর নির্ধারিত সময় শেষ, এরপরও সাকির মনোনয়ন নেয়া হচ্ছে। এ ভিডিও নিয়ে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি।

Related Articles

Back to top button