কসবায় বিএসএফের ছররা গুলিতে ২ বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর
১৮ ঘণ্টা পর পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ছররা গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ দীর্ঘ ১৮ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে উপজেলার কিয়নাল সীমান্তের ২০৩৬ নম্বর মেইন পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ দুটি বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নিহতরা হলেন ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন (২২) এবং মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন (৪২)।
এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সীমান্তে অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে তারা আহত হন এবং পরবর্তীতে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিজিবির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারী ভারতীয়দের সহায়তায় সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে ছররা গুলি ছোড়া হয়। মরদেহ হস্তান্তরের সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় বিজিবি বিএসএফকে প্রটেস্ট নোট দিয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



