ইউপি নির্বাচনে ‘হেভিওয়েট প্রার্থী’ হতে পারেন গণসংহতির নাদিরা

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার দেশজুড়ে আলোচনায় স্থানীয় সরকার নির্বাচন। চলতি বছরের শেষের দিকে আয়োজিত হতে পারে এই নির্বাচন, তবে এরই মধ্যে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাপ। ব্যতিক্রম নয় বাঞ্ছারামপুরও। নানা কার্যক্রমে প্রার্থীতা জানান দিচ্ছেন অনেকেই।
এরমধ্যে ছয়ফুল্লাকান্দি ইউনিয়নে আলোচনায় আছেন গণসংহতির নারী নেত্রী নাদিরা হক। জাতীয় সংসদ নির্বাচন থেকেই নানা কার্যক্রমে দেখিয়েছেন নিজের পারদর্শীতা। সাংগঠনিক দক্ষতার মাধ্যমে জনতার আস্থায় পরিণত হয়েছেন তিনি। দৃষ্টি কেড়েছেন জোনায়েদ সাকিরও।
নাদিরা হকের বাড়ি ভেলানগর গ্রামে।
ইউপি নির্বাচনের আনুষ্ঠানিক কোনো ঘোষণা না দিলেও তাকে ঘিরে চলছে নানান আলোচনা। কোন পদে নির্বাচন করবেন সেটিও স্পষ্ট করেননি তিনি। চেয়ারম্যান পদের গুঞ্জনও শোনা গেছে তাকে ঘিরে। তবে সম্ভাবনা রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার এমনটিই জানা গেছে বিভিন্ন সূত্রে।
সামাজিক ও মানবিক কার্যক্রমে নিজেকে অল্প সময়েই পরিচিত মুখ করে তুলেছেন নাদিরা। দলের যে কোনো কার্যক্রমেও তাকে দেখা যায় সম্মুখ সারিতে। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে পুরো উপজেলা ঘুরে মাথাল মার্কার প্রচারণা করে বেশ আলোচনায় আসেন তিনি।
দলের সবার সঙ্গেও রাখছেন যোগাযোগ। সমান জনপ্রিয়তা রয়েছে অন্যান্য দলের মধ্যেও। মহিলা ভোটারদের আস্থার এক বড় কারণ হতে যাচ্ছেন নাদিরা।
নিজ গ্রাম ছাড়াও আশপাশের প্রতিটি গ্রামেই দেখা যাচ্ছে নাদিরার পরিচিতি কার্যক্রম। গণসংহতির সিনিয়র নেতারাও তাকে নানান ভাবে সহযোগিতা করছেন বলে জানা গেছে।
সব মিলিয়ে সম্ভাব্য সব নারী প্রার্থীদের মধ্যে সবার চেয়ে এগিয়ে আছেন নাদিরা হক। আসন্ন নির্বাচনে তার সঙ্গে লড়াই করার মতো তেমন সমান প্রতিদ্বন্দ্বী কাউকেই মাঠে দেখা যাচ্ছে না। স্থানীয়রা মনে করছেন নাদিরা হতে যাচ্ছে হেভিওয়েট এক প্রার্থী।
বিষয়টি নিয়ে নাদিরা হক বলেন, নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেইনি। কোন পদের জন্য নির্বাচন করবো তাও ঠিক হয়নি। তবে সাধারণ মানুষ আর দলের নেতাকর্মীদের ভালোবাসা পাচ্ছি। তারা চাইলে একটা সিদ্ধান্ত হতে পারে। তাছাড়া দলেরও একটা সিদ্ধান্ত রাখতে পারে। তারা যদি আমাকে আস্থাবান মনে করে তবে নির্বাচনী মাঠে লড়বো। জনগণের ভালোবাসার দায় থেকেই জনতার সেবা করে যেতে চাই। নিজেকে প্রস্তুত করছি সব কিছুর জন্য। সময়ের সঙ্গে সঙ্গে যোগাযোগ বাড়ছে মানুষের সাথে। যদি নির্বাচন করি তাহলে ভালো ফলাফল হবে এটুকু বলতে পারি।



