শাহ রাহাত আলী কলেজ সংলগ্ন গোডাউনে অস্ত্রের ভাণ্ডার: প্রকাশ্যে এলো ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শাহ রাহাত আলী কলেজ সংলগ্ন একটি গোডাউন থেকে উদ্ধার হওয়া অস্ত্রের ছবি এখন প্রতিবেদকের হাতে এসেছে। মঙ্গলবার (১৯ মে) রাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে জব্দকৃত এসব অস্ত্রের মধ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র দেখা গেছে।
এর আগে গতকাল এই গোডাউন থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের যে ছবিগুলো পাওয়া গেছে, তাতে একটি লম্বা একনলা বন্দুক (পাইপগান), শটগানের কার্তুজ এবং বেশ কয়েকটি ধারালো রামদা ও দেশীয় অস্ত্র পরিষ্কার দেখা যাচ্ছে।
পুরো বিষয়টি নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন জানিয়েছেন, অভিযানটি সরাসরি ডিবি পুলিশ পরিচালনা করেছে। এখন পর্যন্ত জব্দ করা অস্ত্রের তালিকা বা কোনো আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি। তবে আনুষ্ঠানিক তালিকা হাতে পাওয়া মাত্রই গণমাধ্যমকে বিস্তারিত ব্রিফ করা হবে।
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের এত কাছে এমন অস্ত্রের মজুত পাওয়ার ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কার নিয়ন্ত্রণে এই বিপুল পরিমাণ মরণাস্ত্র সেখানে রাখা হয়েছিল, তা নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।



