মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ, বাঞ্ছারামপুরের দুই যুবককে গ্রেফতার করল CID

মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১০ জুন) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার শফিরকান্দি (পূর্বপাড়া) গ্রামের শহিদুল্লার ছেলে আরিফুল (৩০) ও একই গ্রামের কামাল মিয়ার ছেলে সানি (২২)।
সিআইডি জানায়, গত ১১ জানুয়ারি মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে তার বাবার পাঠানো টাকা নেওয়ার কথা বলে দক্ষিণখানের জয়নাল মার্কেট এলাকায় ডেকে নেওয়া হয়। সেখানে তাকে কৌশলে একটি প্রাইভেটকারে তুলে মিরপুর পল্লবীর একটি ভবনে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তার কাছে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে সাড়ে ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
পরে অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে অভিযান শুরু হয়। পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা ১২ জানুয়ারি রাতে তাকে শেরে-ই বাংলা নগর এলাকায় একটি সিএনজিতে তুলে দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা দক্ষিণখান থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পাওয়ার পর সিআইডি গোয়েন্দা নজরদারি চালিয়ে গত ৯ জুন বাঞ্ছারামপুরের শফিরকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে আরিফুল ও সানিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সিআইডি। তদন্তে আরও জানা যায়, তারা দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করলেও পরিকল্পিতভাবে দেশে এসে এ অপরাধ করেন এবং পুনরায় মালয়েশিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সিআইডি জানিয়েছে, চক্রটি বাংলাদেশ ও মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে অপহরণ, ভয়ভীতি প্রদর্শন ও মুক্তিপণ আদায়ের মতো অপরাধে জড়িত। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।



