বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার অপরাধের অভিযোগে যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হাসাননগর গ্রামের মো. সিয়াম (২০) নামে এক যুবককে সাইবার অপরাধের অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, সিয়াম দীর্ঘদিন ধরে সরকারি ও বেসরকারি বিভিন্ন ওয়েব পোর্টাল এবং ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে আসছিল। সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে একটি সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেটের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, প্রযুক্তিগত অনুসন্ধান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও একাধিক সিম কার্ড জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েব পোর্টালে অনুপ্রবেশ এবং তথ্য পরিবর্তনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। জব্দ করা ডিভাইসগুলো পরীক্ষা করে আরও তথ্য সংগ্রহের কাজ চলছে।

এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button