ব্রাহ্মণবাড়িয়া

প্রিয় দল ব্রাজিলের প্রেমে দেড় লাখ টাকা খরচ, রঙিন করলেন পুরো বাড়ি

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা দেশ, তখন প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। নিজের পুরো বাড়ি ব্রাজিলের পতাকার আদলে সাজিয়ে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, বাড়ির ভবন ও সীমানা প্রাচীরজুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের জাতীয় পতাকার সবুজ, হলুদ ও নীল রং। পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিভিন্ন তারকা খেলোয়াড়ের ছবি। ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও, যা দেশপ্রেমের বার্তা বহন করছে।

ব্যতিক্রমধর্মী এই বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্য দেশের ফুটবলভক্তরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন। স্থানীয়দের মতে, পুরো উপজেলায় এমন ব্যতিক্রমী বাড়ি আর নেই। ফলে বাড়িটিকে ঘিরে এলাকার পরিচিতিও বাড়ছে।



রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। দলটির প্রতি ভালোবাসা থেকেই বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। এ কাজে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, বিষয়টি আমাকে আনন্দ দেয়।”

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেম ও সৃজনশীলতার মিশেলে তৈরি এই বাড়ি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

Related Articles

Back to top button