স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেবা চালুর ঘোষণা জোনায়েদ সাকির

স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেবা চালুর ঘোষণা জোনায়েদ সাকির
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন বন্ধ হয়ে যাওয়া সিজারিয়ান অপারেশন সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
শনিবার বিকেলে উপজেলার মুসা মার্কেটের সামনে এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই মাহফিলের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যেই বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার সেবা চালু করা হবে। এর জন্য প্রয়োজনীয় চিকিৎসক ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই সেবা চালু হলে স্থানীয় দরিদ্র রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না। এতে তাদের সময় ও চিকিৎসা ব্যয় দুটোই কমে আসবে।
তিনি জানান, সরকার উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী ও আধুনিক করতে কাজ করছে। স্বাস্থ্য খাতকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
এ সময় তিনি বাঞ্ছারামপুরের উন্নয়ন সম্ভাবনার কথাও তুলে ধরেন। তিনি বলেন, মেঘনা নদীর ওপর সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। নতুন বিনিয়োগ, শিল্পকারখানা, পর্যটন ও আইসিটি খাতে সম্ভাবনা তৈরি হবে। অনাবাদি জমি কাজে লাগিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো সম্ভব হবে।
এ ছাড়া তিনি বিদেশগামী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



