বাঞ্ছারামপুর

আবদুল মান্নানের নামে মাতুর বাড়ির মোড়ের নামকরণের পদক্ষেপ নিয়েছি: জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মান্নানের নামে উপজেলার মাতুর বাড়ির মোড়ের নামকরণের পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। প্রশাসনিক প্রক্রিয়া শেষে দ্রুত সময়ের মধ্যে এটি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন।

সাকি বলেন, সারা দেশে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হচ্ছে। বাঞ্ছারামপুর উপজেলা হাসপাতালটি প্রথম পর্যায়ের ১০টির মধ্যে রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চত করার জন্য সরকার কাজ করে যাচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাঞ্ছারামপুর হাসপাতালে সিজার অপারেশন চালু হবে। ইতিমধ্যে ডাক্তার দেওয়া হয়েছে। দরিদ্র রোগীদের আর ঢাকা যেতে হবে না, অপারেশন করাতে যেতে হবে না, খরচও তাঁদের লাগবে না।

মেঘনা নদীতে সেতু নির্মাণ হলে বাঞ্ছারামপুর ঢাকার কাছে চলে আসবে উল্লেখ করে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বাঞ্ছারামপুরে সৃষ্টি হবে নতুন বিনিয়োগের ক্ষেত্র। বিশেষ করে যেসব অনাবাদি জমি আছে, সেগুলোতে মিল–কারখানা স্থাপিত হবে। বিভিন্ন রকম বিনিয়োগ হবে।

মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জিয়া উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মজিবুর রহমান প্রমুখ।

Related Articles

Back to top button