ব্রাহ্মণবাড়িয়া

‎মেয়ের বিয়ের টাকা হারিয়ে দিশেহারা বৃদ্ধ, উদ্ধার করে প্রশংসায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী মোড়ে দায়িত্বশীলতা ও জনবান্ধব পুলিশিংয়ের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। অসাবধানতাবশত হারিয়ে যাওয়া মেয়ের বিয়ের কেনাকাটার ৫০ হাজার টাকা ট্রাফিক পুলিশের সহায়তায় ফিরে পেয়েছেন ৬৫ বছর বয়সী বৃদ্ধ মোঃ তাজুল ইসলাম।

‎ঘটনাটি ঘটে ১৬ আগস্ট ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকার সময়। কাউতলী এলাকায় ট্রাফিক দায়িত্বে নিয়োজিত সার্জেন্ট রাসেলুর রহমান, সার্জেন্ট শাহদাত হোসেন এবং তাদের সঙ্গীয় ফোর্স রাস্তার ওপর একটি টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেন। কর্তব্যরত পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ টাকার বান্ডিলটি নিরাপদে উদ্ধার করেন।

‎এর কিছুক্ষণ পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসূলপুর এলাকা থেকে আসা তাজুল ইসলামকে কাঁদতে কাঁদতে কান্নাবিজড়িত কণ্ঠে টাকা খুঁজতে দেখে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তাজুল ইসলাম জানান, মেয়ের বিয়ের কেনাকাটা করতে তিনি শহরে এসেছিলেন। সিএনজি ভাড়া দেওয়ার সময় লুঙ্গির কোঁচায় রাখা ৫০,০০০ টাকা রাস্তায় পড়ে যায়।

‎পরবর্তীতে বৃদ্ধ ব্যক্তির বর্ণনা, নোটের মূল্যমান (৫০০ টাকা মূল্যমানের ১০০টি নোট) ও সুনির্দিষ্ট তথ্যের সঙ্গে উদ্ধারকৃত টাকার পূর্ণ মিল পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তথ্য যাচাই-বাছাই শেষে উদ্ধার করা পুরো ৫০,০০০ টাকা তাজুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়।

টাকা ফেরত পেয়ে আবেগাপ্লুত তাজুল ইসলাম পুলিশের মানবিক কার্যক্রমে গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ জানায়, জনগণের জানমালের সুরক্ষা দেওয়ার পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে তারা অঙ্গীকারাবদ্ধ।

Related Articles

Back to top button