বাঞ্ছারামপুর

লোক সংগীতে বাঞ্ছারামপুরের শেখ সাদীর খ্যাতি পুরো দেশজুড়ে, এবার নিয়ে এলেন ‘কালারও পিরিতি’ 

লোক সংগীতে বাঞ্ছারামপুরের শেখ সাদীর খ্যাতি পুরো দেশজুড়ে, এবার নিয়ে এলেন ‘কালারও পিরিতি’

 

১৯৮১ সালের ২ জুন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন শেখ সাদী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে প্রফেসর ড. মহীবুল আজিজের তত্ত্বাবধানে ‘শাহ আবদুল করিমের গান তত্ত্ব ও জীবনবোধ’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি লাভ করেন। রাজউক উত্তরা মডেল কলেজে শিক্ষকতার মধ্য দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। তিনি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে উত্তীর্ণ হয়ে নবীনগর সরকারি কলেজ ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কিছুকাল অধ্যাপনা করেন। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপক পদে কর্মরত।

 

এবার মাসুম খানের কথায় ও উত্তম কুমার আচার্য্যর সুরে গেয়েছেন ‘কালারও পিরিতি’ নামে একক মৌলিক গান। গ্রামীণ ভাবধারার সুরে অনবদ্য এই গানটি মন ছুঁয়েছে সবার। কালচিত্র মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

 

এই গান বাংলা সাহিত্যের একটি সম্পদ বলেও আখ্যা দিচ্ছেন অনেকে। বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে গানটি।

 

স্কুলজীবন থেকেই তিনি লেখালেখির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন। সাহিত্যের সব শাখাতেই তার সমান আগ্রহ। সৃজনশীল সাহিত্যের মধ্যে গল্প ও নাটক রচনায় তার খ্যাতি রয়েছে। এখনই সংগ্রাম, কাটে না অমানিশা, প্রতিবিশ্ব, বোধোদয় তার লেখা মঞ্চসফল নাটক।

 

 

লোকায়ত দর্শন ও লোকসংস্কৃতি গবেষণায় তার আগ্রহ প্রবল। দেশে-বিদেশের বহু গবেষণা-জার্নালে তার গবেষণা প্রবন্ধ ছাপা হয়েছে। ‘লোকসাধক মনোমোহন দন্ত ও মলয়া সংগীত’ তার প্রথম প্রকাশিত গবেষণা-গ্রন্থ। তার ‘শাহ আবদুল করিম: জীবন ও গান’ গবেষণা-গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়।

 

‘চট্টগ্রামের লোকগান লোককবি: ভাবসাধনার বৈচিত্র্য-সন্ধান’ তার গবেষণা-গ্রন্থ। ‘লোকগান লোকায়ত দর্শন ও রবীন্দ্রনাথ’ তার প্রকল্প গ্রন্থ। ‘আরিফ দেওয়ান: সুফিসংগীত’ এবং ‘আরিফ দেওয়ান: ভাবসংগীত’ তার সম্পাদিত গ্রন্থ।

Related Articles

Back to top button