শেকেরকান্দিতে বাগানের কলা গাছের সঙ্গে শত্রুতা, পরিবারটিতে চলছে বিলাপ

বাঞ্ছারামপুরে রাতের আঁধারে একটি কলাবাগানের প্রায় শতাধিক কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। রোববার (২৪ আগস্ট) গভীর রাতে উপজেলার উজানচর ইউনিয়নের শেকেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বাগানটিতে সাগর কলা, চাম্পা কলার গাছ ছিল। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগীরা। এ নিয়ে হতদরিদ্র আক্তার মিয়ার পরিবারটিতে এখন চলছে আহাজারি আর বিলাপ।
ভুক্তভোগী কলাবাগান চাষি আক্তার মিয়া জানান, প্রায় ৬৬ শতাংশ জমিতে কয়েক বছর আগে গড়ে তোলা তার কলাবাগানে গভীর রাতে দুর্বৃত্তরা দাঁড়ালো কিছু দিয়ে অধিকাংশ গাছ কেটে ফেলে। রোববার সকালে জমিতে গিয়ে তিনি গাছগুলো মাটিতে পড়ে থাকতে দেখেন।
তার দাবি, এটি পরিকল্পিতভাবে আর্থিক ক্ষতি ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশে ঘটানো হয়েছে।
ধারদেনা করে শুধু গত একবছরে বাগানের গাছের যত্ন নিতে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি।
তিনি দেড় লাখ টাকায় জায়গাটুকুন পত্তন (লিজ) নিয়ে কলা চাষ করে আসছিলেন। গতকাল বিনষ্ট হওয়া ১ বছর আগে লাগানো কলা গাছগুলো ফলন উপযোগী ছিল।
এ ছাড়াও ঘটনার পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, কলাবাগানের গাছ কাটার ঘটনা এখনো আমার জানা নেই। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অমানবিক কাজে কোনো ছাড় দেওয়া হবে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।



