চিকিৎসা ও ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে, দরিকান্দী বাড্ডা বিদ্যালয়ে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দী বাড্ডা আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত ৪ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ১০ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন। ক্যাম্পে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক দায়িত্ব পালন করে আগত রোগীদের সেবায় সহযোগিতা করে। চিকিৎসকদের আন্তরিক সেবা, বিদ্যালয় কর্তৃপক্ষের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সার্বিক তদারকির ফলে পুরো কার্যক্রম শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
দিনব্যাপী চলা এ ক্যাম্পে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং চিকিৎসকদের চেম্বারগুলোতে সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, মানবিক দায়িত্ববোধ থেকে প্রতিবছরের মতো এবারও এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
চিকিৎসাসেবা গ্রহণকারী ও স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় এমন কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান।



