দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রিয় বিদ্যালয় থেকে শিক্ষক অলিউল্লাহর বিদায়, পাড়ি জমাবেন ইতালিতে

দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রিয় বিদ্যালয় থেকে শিক্ষক অলিউল্লাহর বিদায়, পাড়ি জমাবেন ইতালিতে
দীর্ঘ প্রায় ১৬ বছরের কর্মজীবনের ইতি টেনে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন শিক্ষক মো. অলিউল্লাহ। বিদায় উপলক্ষে বিদ্যালয়ে সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মো. অলিউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভবনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১১ সালের ২ জানুয়ারি ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ ১৫ বছর ৮ মাসের বেশি সময় বিদ্যালয়ে শিক্ষকতা করার পর ২০২৬ সালের ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে তিনি বিদায় নেন।
দীর্ঘ কর্মজীবনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের সঙ্গে তার গড়ে ওঠে গভীর সম্পর্ক। বিদায় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা তার কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
বিদায়ী বক্তব্যে শিক্ষক মো. অলিউল্লাহ বলেন, “আজকের এই দিনটি আমার স্মৃতিপটে চিরকাল অমলিন হয়ে থাকবে। আমার প্রাণের বিদ্যালয় ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় থেকে আমাকে আনুষ্ঠানিকভাবে বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়ায় বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং আমার প্রাণপ্রিয়, কলিজার টুকরা সকল ছাত্র-ছাত্রীর প্রতি আমি চিরকৃতজ্ঞ।
এই আয়োজনকে সফল করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয় এবং এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত প্রতিটি মানুষ ও প্রতিটি স্মৃতিকে আমি ভীষণ মিস করব। দীর্ঘদিনের এই কর্মস্থল ছেড়ে গেলেও এখানকার স্মৃতি ও ভালোবাসা আমার হৃদয়ে আজীবন অমলিন হয়ে থাকবে।”
বিদায় সংবর্ধনা শেষে আরও আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা গাড়ি ও পায়ে হেঁটে শিক্ষক মো. অলিউল্লাহকে তার নিজ বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। প্রিয় শিক্ষককে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।
জানা গেছে, শিক্ষক মো. অলিউল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ইতালিতে পাড়ি জমাবেন। নতুন জীবনের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার আগে দীর্ঘদিনের কর্মস্থল থেকে তার এই বিদায় শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে হয়ে উঠেছে স্মরণীয় ও আবেগঘন একটি মুহূর্ত।
দীর্ঘদিনের কর্মস্থল ছেড়ে নতুন অধ্যায়ের পথে পা রাখলেও ধারিয়ারচর হাজী ওমর আলী উচ্চ বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি ও ভালোবাসা আজীবন তার হৃদয়ে থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।



