ব্রাহ্মণবাড়িয়ামাদক ও অপরাধ

জমি বিরোধে ভাই হত্যা, ৩ মাস পর নরসিংদী থেকে ধরা প্রধান আসামি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত আলোচিত ভাই হত্যা মামলার প্রধান আসামি মোঃ আলকাছ মিয়া (৫৫) কে নরসিংদী থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

র‍্যাব-৯ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে বুধবার (৭ মে) বিকেলে নরসিংদী সদর মডেল থানার ভেলানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আলকাছ মিয়া নবীনগর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

 

র‍্যাব জানায়, নিহত ইসমাইল মিয়ার সঙ্গে তার ভাই আলকাছ মিয়ার দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য স্থানীয়ভাবে একাধিক শালিস বৈঠক হলেও বিরোধের সমাধান হয়নি।

 

গত ১৮ ফেব্রুয়ারি সকালে আলকাছ মিয়াসহ কয়েকজন ইসমাইল মিয়ার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত হন ইসমাইল মিয়া। তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলার সময় নিহতের ছেলেও আহত হন।

 

ঘটনার পর নিহতের ছেলে বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এক নম্বর পলাতক আসামি আলকাছ মিয়াকে গ্রেফতার করা হয়।

 

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button