চট্টগ্রাম বিভাগবাঞ্ছারামপুর

সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা, নিহত শিশুকন্যাও

চট্টগ্রামের সীতাকুণ্ডে হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক মা ও তার শিশুকন্যা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি গ্রামের তারিন (২৮) ও তার ছোট্ট কন্যাশিশু। তারিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আহত মীর জাকারিয়া হোসেন নয়ন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছুটির দিনে স্ত্রী ও সন্তানকে নিয়ে সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় ঘুরতে যান নয়ন। পরে রাতে মোটরসাইকেলে করে নগরীর লালখান বাজার এলাকায় ফেরার পথে বিএমএ গেট এলাকায় পৌঁছালে চলন্ত মোটরসাইকেল থেকে তাদের শিশুকন্যা সড়কে পড়ে যায়।

এসময় সন্তানকে রক্ষা করতে দ্রুত মোটরসাইকেল থেকে নেমে শিশুর দিকে ছুটে যান মা তারিন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশুকন্যার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নয়নকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related Articles

Back to top button