বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলেন ফেরদৌসী লাকি

দুর্নীতির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশনের ( দুদক) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় থেকে এক পরিপত্রের মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট বাঞ্ছারামপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে এই কমিটি দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্য সততা ও নিষ্ঠা বোধ সৃষ্টি করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলবে।
বাঞ্ছারামপুর উপজেলা কমিটি আগামী তিন বছর মেয়াদে কাজ করবে। তারা এই এলাকায় সভা, সেমিনার, পদযাত্রা, আলোচনা সভা, মানববন্ধনসহ নানা কার্যক্রমের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
৯ সদস্য বিশিষ্ট কমিটিতে স্থান পেয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার পরিচিত মুখ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেই সঙ্গে সততার আইকন ফেরদৌসী লাকি। তিনি দীর্ঘ সময় শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে অবসরে আছেন।
ফেরদৌসী লাকির বাড়ি উপজেলার পাড়াতলি গ্রামে। কর্মজীবনে তিনি ছিলেন সততা ও নিষ্ঠার এক প্রদীপ। নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও জড়িত তিনি। সেই সঙ্গে যুক্ত ছিলেন স্কাউটিংয়ে।
প্রতিরোধ কমিটিতে এমন একজন ব্যক্তিত্ব থাকায় আস্থা প্রকাশ করেছেন মানুষজন।
এছাড়াও কমিটিতে সভাপতি করা হয়েছে বাঞ্ছারামপুর পৌরসভার দুধ মিয়া মাস্টারকে। সাধারণ সম্পাদক করা হয় জগন্নাথপুরের এ কে এম মোশাররফ হোসেনকে। তাদের উভয়েরই সামাজিক ও মানবিক দায়িত্ব পালনে রয়েছে সুখ্যাতি।



