বিজয়নগরব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেলো গরুবাহী পিকআপ

রেললাইনে আটকে গরুবাহী পিকআপ, সামনে এসে পড়ে জয়ন্তিকা এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গরুবাহী একটি পিকআপের সঙ্গে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনের শেষ প্রান্ত সিংগারবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুবাহী পিকআপটি লেভেলক্রসিং পার হওয়ার সময় হঠাৎ রেললাইনের ওপর আটকে পড়ে। এ সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছালে পিকআপটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে চালক ও সঙ্গে থাকা লোকজন দ্রুত নিচে নেমে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

আজমপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. শাখাওয়াত হোসেন জানান, দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে পিকআপটি সরিয়ে নেওয়ার পর প্রায় ১০ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, লেভেলক্রসিং পার হওয়ার সময় পিকআপটি রেললাইনে আটকে গেলে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Back to top button