ধর্ষণের প্রতিবাদে উত্তাল বাঞ্ছারামপুর, কড়া হুঁশিয়ারি

ধর্ষণের প্রতিবাদে ফুঁসছে গোটা দেশ। এর ব্যতিক্রম নয় বাঞ্ছারামপুরও। নিজেদের অবস্থান জানান দিয়েছে তারা। কোনো রকমেই ধর্ষকের ঠাঁই বাংলার মাটিতে হবে না এমন বার্তা দিয়েছেন স্থানীয়রা। শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
বাঞ্ছারামপুর উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা অংশ নেন।
এসময় তারা ধর্ষণের শাস্তির দাবিতে হুংকার দেন। বাঞ্ছারামপুরের মাটিতে যেন রামিসার মতো কাউকে বলিদান হতে না হয় এ জন্য প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তারা।
অতীতে বাঞ্ছারামপুর উপজেলার নানা ধর্ষণকান্ডের কথা উল্লেখ করে বক্তব্য রাখেন উপজেলা গণসংহতির প্রধান সমন্বয়ক শামিম শিবলী। তিনি বলেন, আমরা গোটা নিরাপদ আবাসভূমি হিসেবে দেখতে চাই। আমাদের একটি সন্তানও যেন কোনো ধর্ষণের শিকার হতে না হয় এ ব্যাপারে প্রতিরোধ গড়ার এখনই সময়।
এসময় একাধিক ছাত্রদল নেতাকেও বক্তব্য রাখতে দেখা যায়। তারা বলেন, এখন নির্বাচিত সরকার, আগের মতো দায়হীন নয়। আমরা নিজেরা কোনো অন্যায়কে বরদাস্ত করবো না। বাঞ্ছারামপুরকে নিরাপদকে রাখার দায়িত্ব আমাদের সবার।
এসময় বক্তব্য রাখেন জীবন মাহমুদ, আবু বকর আইয়ূবী, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ উল্লাহসহ সচেতন সমাজের নাগরিকরা।
বক্তারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে নির্মমভাবে হত্যার ঘটনা পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান।
এছাড়াও বাঞ্ছারামপুরে ঝুলে থাকা ধর্ষণ মামলার গুলোর কার্যকর পদক্ষেপ চান তারা। ধর্ষণের শিকার হয়ে কেউ যেন প্রশাসনের কাছে হয়রানির শিকার না হতে হয় এ বিষয়টির নিশ্চয়তাও চান তারা।



