বাঞ্ছারামপুরে বোরো ধান সংগ্রহ শুরু, বিশেষ অতিথি কৃষিবিদ পলাশ

বাঞ্ছারামপুরে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):
প্রান্তিক কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ‘অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তারিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং বাঞ্ছারামপুর উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কৃষকরা যাতে তাদের পরিশ্রমের উপযুক্ত মূল্য পান, সেজন্য সরকার নির্ধারিত মূল্যে এই ধান সংগ্রহ করা হচ্ছে। এ সময় উপজেলার সকল কৃষককে কোনো ধরনের হয়রানি বা মধ্যস্বত্বভোগীদের দ্বারস্থ না হয়ে, সরাসরি সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে তাদের বোরো ধান বিক্রি করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়।



