ব্রাজিল ছেড়ে সৌদি আরবের সমর্থক, আখাউড়ায় মিন্টুর ৫০০ ফুট পতাকা প্রদর্শন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মিন্টু মিয়া আবারও আলোচনায় এসেছেন ফুটবলপ্রেমীদের মাঝে। দীর্ঘ ২৫ বছর ব্রাজিলের সমর্থক থাকার পর সম্প্রতি তিনি প্রকাশ্যে ব্রাজিল দলকে সমর্থন করা ছেড়ে দেন। এবার পূর্বঘোষণা অনুযায়ী সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়ে ৫০০ ফুট দৈর্ঘ্যের একটি বিশাল পতাকা প্রদর্শন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) আখাউড়ার খড়মপুর মাজার এলাকায় পতাকাটি প্রদর্শন করা হয়। স্থানীয়দের উপস্থিতিতে আয়োজিত এ প্রদর্শনী ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।
আখাউড়া পৌর এলাকার টানপাড়া গ্রামের বাসিন্দা মিন্টু মিয়া জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে ব্রাজিল দলের সমর্থক ছিলেন। তবে ব্রাজিল অমুসলিম দেশ হওয়ায় তিনি দলটির প্রতি সমর্থন প্রত্যাহার করেন। এর আগে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলকে প্রতীকীভাবে বিদায় জানান তিনি এবং মুসলিম দেশ হিসেবে সৌদি আরবকে সমর্থনের ঘোষণা দেন।
মিন্টু মিয়া বলেন, “আমি নিজের অর্থায়নে ৫০০ ফুটের এই পতাকা তৈরি করেছি। পতাকাটি বানাতে ২০ দিনেরও বেশি সময় লেগেছে এবং খরচ হয়েছে এক লাখ টাকার বেশি। সৌদি আরবের প্রতি ভালোবাসা থেকেই এই আয়োজন করেছি।”
এ বিষয়ে শাহ সৈয়দ আহম্মদ গেছু দারাজ মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল হক খাদেম বলেন, “ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে উন্মাদনা দেখা যায়। মিন্টু মিয়ার ব্যতিক্রমী এই উদ্যোগ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এবং স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি করেছে।



