বাঞ্ছারামপুর

সাতকানিয়ার কান্না মুছতে চট্টগ্রামে পৌঁছাল বাঞ্ছারামপুর ভলান্টিয়ার পরিবার

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত মানুষের পুনর্বাসনে সহায়তা করতে মানবিক উদ্যোগ নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে বাঞ্ছারামপুর ভলান্টিয়ার পরিবারের একটি স্বেচ্ছাসেবক দল।

 

২০২২ ও ২০২৪ সালের ধারাবাহিকতায় এবারও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া এবং পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়াই এ অভিযানের মূল লক্ষ্য বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা।

 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই কার্যক্রম শুধু জরুরি ত্রাণ বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাস্তবসম্মত পুনর্বাসন সহায়তা নিশ্চিত করাও অন্যতম উদ্দেশ্য।

 

তারা আরও জানান, বাঞ্ছারামপুরের প্রতিটি স্বেচ্ছাসেবক নিজ নিজ যাতায়াত ও খাবারের ব্যয় ব্যক্তিগতভাবে বহন করছেন। ফলে সংগৃহীত অর্থের শতভাগই বন্যাদুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় পুনর্বাসন সামগ্রী ক্রয় এবং সেগুলো ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণে ব্যয় করা হবে।

 

এই মানবিক উদ্যোগে সহযোগিতা করছে ভিলেজ ফাউন্ডেশন (Village Foundation), খাদেমুল ইসলাম মানবকল্যাণ সংগঠন এবং মানবতা রক্তদান সংঘ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া।

 

এছাড়াও বাঞ্ছারামপুরের বিভিন্ন মানবিক সংগঠনের নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী, উপদেষ্টামণ্ডলী এবং প্রবাসী রেমিট্যান্সযোদ্ধারা পরামর্শ ও নানাভাবে সহযোগিতার মাধ্যমে এ উদ্যোগকে সফল করতে পাশে রয়েছেন।

 

স্বেচ্ছাসেবকরা সকলের কাছে দোয়া কামনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা যেন আমাদের সফর নিরাপদ করেন, এই মানবিক প্রচেষ্টা কবুল করেন এবং বন্যাকবলিত মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার তাওফিক দান করেন।”

 

মানবতার সেবায় বাঞ্ছারামপুরের স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। অনেকেই মনে করছেন, দুর্যোগকালে এমন স্বতঃস্ফূর্ত মানবিক কার্যক্রম সমাজে সহমর্মিতা ও সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

Related Articles

Back to top button