জুলাই শহীদ দিবসে বাঞ্ছারামপুরে শহীদ পরিবারের দ্বারে জামায়াত নেতারা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের কবর জিয়ারত, দোয়া ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঞ্ছারামপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১৬ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত জুলাই শহীদদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা। এ সময় শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।
কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা আমীর মাওলানা কাজী আবুল বাশার, নায়েবে আমীর দেওয়ান মো. নকিবুল হুদা, সেক্রেটারি শামিম নূর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি এনামুল হকসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের জন্য আত্মত্যাগকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সমাজের প্রত্যেক মানুষের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, জুলাই শহীদদের আদর্শ, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার পথে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



