ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

‎নিহত শফিকুল ইসলাম উপজেলার দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের পশ্চিমপাড়ার মৃত মো. মালেক মিয়ার ছেলে। তিনি স্ত্রী ও পাঁচ সন্তান রেখে গেছেন। স্বজনদের দাবি, অত্যন্ত অভাব-অনটনের মধ্যেই তার সংসার চলছিল।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেবনগর এলাকায় ভেকু (এক্সকেভেটর) দিয়ে বালু ফেলে জমি ভরাটের সময় ভেকুতে লেগে বিদ্যুতের একটি সার্ভিস তার ছিঁড়ে যায়। পরে সেটি মেরামতের জন্য ইলেকট্রিশিয়ান শফিকুল ইসলামকে ডেকে আনা হয়। ভেকুর সাহায্যে ওপরে উঠে সার্ভিস লাইন সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে থাকা দুই শ্রমিক তাকে দ্রুত আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য দুপুরে মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় ঘটনাস্থলে থাকা দুই শ্রমিক পালিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

‎নিহতের ভাতিজা আবু সালেকের অভিযোগ, গাজীরবাজার এলাকার হেলাল ও রাজেন্দ্রপুর এলাকার জহির মোটরসাইকেলে করে শফিকুল ইসলামকে কাজের জন্য নিয়ে যান। তাদের ভেকুতে তুলে ছিঁড়ে যাওয়া সার্ভিস লাইন মেরামতের সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

‎তিনি আরও অভিযোগ করেন, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রাতের বেলায় অবৈধভাবে ভেকু দিয়ে জমি ভরাটের কাজ করে আসছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

‎আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে।’

Related Articles

Back to top button