ব্রাহ্মণবাড়িয়া

কারাগার থেকে মুক্ত সাবেক এমপি ও সরাইল আওয়ামী লীগ নেত্রী শিউলি আজাদ

সাবেক এমপি, সরাইল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিউলি আজাদ জামিনে মুক্ত

 

সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) উম্মে ফাতেমা নাজমা বেগম ওরফে শিউলি আজাদ জামিনে মুক্তি পেয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে গত মঙ্গলবার মুক্তি পান।

 

আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, মঙ্গলবার রাতে আদালতের জামিনের আদেশের ভিত্তিতে শিউলি আজাদ কারাগার থেকে মুক্তি পান।

 

শিউলি আজাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য। তিনি সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের স্ত্রী।

 

২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে সরাইল থানায় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

 

সরাইল থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দায়ের করা ওই হত্যা মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জনকে আসামি করা হয়। ওই মামলায় শিউলি আজাদ চার নম্বর আসামি।

 

শিউলি আজাদের আইনজীবী জয়নাল উদ্দিন বলেন, কারাগারে থাকা অবস্থায় হয়রানি, আগাম গ্রেপ্তার, নতুন মামলায় গ্রেপ্তার দেখানো ও অন্য কোনো মামলার এজাহারে অন্তর্ভুক্ত না করার নির্দেশনা চেয়ে তার পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

 

তিনি বলেন, বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও তাকে একাধিক মামলায় ধারাবাহিকভাবে শোন অ্যারেস্ট দেখানো হয়েছিল।

Related Articles

Back to top button