বাঞ্ছারামপুর

সৌদির মর্মান্তিক দুর্ঘটনায় দুই পা হারালেন বাঞ্ছারামপুরের শাওন

 

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হোসেনপুর গ্রামের সৌদি আরবপ্রবাসী শাওন মিয়া লিফট দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই পা হারিয়েছেন। দুর্ঘটনার পর দেশে ফিরে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

 

জানা যায়, সৌদি আরবে কর্মরত অবস্থায় লিফট দুর্ঘটনায় শান্তন মিয়া গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে তিনি দেশে ফিরে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তার পরিবার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করে আসছিল।

 

বিষয়টি জানার পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. রফিকুল ইসলাম শান্তন মিয়ার চিকিৎসা সহায়তার উদ্যোগ নেন। এ সময় তিনি চিকিৎসা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

 

এছাড়া বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদারও শাওন মিয়ার চিকিৎসা বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। তার উদ্যোগে ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

 

শাওন মিয়ার পরিবার এই মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তার দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সবার কাছে দোয়া চেয়েছে।

 

স্থানীয়দের আশা, সমন্বিত উদ্যোগ ও যথাযথ চিকিৎসা সহায়তার মাধ্যমে শান্তন মিয়া নতুন করে জীবন গড়ার সুযোগ পাবেন।

Related Articles

Back to top button