বাঞ্ছারামপুরে ঈদে মিলাদুন্নবী পালন করতে না দেয়ার হুঁশিয়ারি বিতর্কিত মোবারকুল্লাহর

মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আগমন উপলক্ষে পালিত ধর্মপ্রাণ মুসলমানদের ঈদে মিলাদুন্নবী পালন করতে না দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নিজেকে মাওলানা দাবি করা ও নানা সময়ে বিতর্কিত ব্যক্তিত্ব মোবারকুল্লাহ সিরাজী। এক ফেসবুক পোস্টে তিনি এমন ঘোষণা দেন। সেখানে তিনি লিখেন, ‘আগামী বছর থেকে বাঞ্ছারামপুরে কোন ঈদে মিলাদুন্নবী পালন করতে দেওয়া হবে না, কঠিন হুঁশিয়ারি দিলেন মাও: মোবারকুল্লাহ সিরাজী…’
নূর নবীর আগমন দিবসকে কেন্দ্র করে এমন মন্তব্য ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ।
ঈদে মিলাদুন্নবী পালনে প্রতিবছরের মতো এবারও বাঞ্ছারামপুরে দেখা গেছে মুসলমানদের খুশির জোয়ার। সেখানে এমন মন্তব্য ধর্মীয় বিভেদের সৃষ্টি করে সমাজকে বিশৃঙ্খলতার পথে নিয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষ মহল। তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার কথাও বলেন তারা।
যেখানে রাষ্ট্র স্বীকৃত এই দিবস সেখানে এমন মন্তব্য প্রশাসনিক আইনেরও লঙ্ঘন। দেশ ও ধর্ম নিয়ে এমন মন্তব্য কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
মোবারকুল্লাহ সিরাজী নানান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটকসহ অদ্ভূত সব কর্মকাণ্ডের মাধ্যমে সমালোচিত। তার মস্তিষ্ক বিকৃত বলেও মনে করেন অনেকে। সম্প্রতি তিনি জনতার বাংলাদেশ পার্টি নামে একটি রাজনৈতিক দলের নেতা পরিচয়ও দেন।



