পাহাড়িয়াকান্দিতে কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।

পাহাড়িয়াকান্দিতে কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
বাঞ্ছারামপুরের, পাহাড়িয়াকান্দি ইউনিয়নে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের উদ্যোগে জুলাই চেতনা তরুণদের মাঝে জাগিয়ে তোলা এবং সাধারণ শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত কিশোরকণ্ঠ কুইজ প্রতিযোগিতাও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জুলাই মাসের কিশোরকণ্ঠ পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জুলাইয়ের চেতনা, ইতিহাস ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আগ্রহ তৈরি করতে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে হাদরনগর কলাকান্দি আছমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হাসান। দ্বিতীয় স্থান অর্জন করে মো. রিফাত এবং তৃতীয় স্থান অর্জন করে তুহিন মিয়া। বিজয়ীদের হাতে অনুষ্ঠানে পুরস্কার ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, বাঞ্ছারামপুর উপজেলার পরিচালক সোহেল তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সম্পাদক সাইদূর রহমান এবং তেজখালী ইউনিয়ন কিশোরকণ্ঠ পাঠক ফোরামের সহকারী পরিচালক ফাহিন আহমেদ।
এছাড়াও কিশোরকণ্ঠ পাঠক ফোরামের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম, পাহাড়িয়াকান্দি ইউনিয়নের পরিচালক মাহফুজ সরকার।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে বইপাঠ, জ্ঞানচর্চা ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে জুলাইয়ের চেতনা ও ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ তৈরি করার পাশাপাশি কুইজ প্রতিযোগিতা তাদের জ্ঞান ও মেধা বিকাশে উৎসাহিত করবে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।



