বাঞ্ছারামপুর

বিয়ের দাবিতে পিরোজপুরে প্রেমিকের বাড়িতে বাঞ্ছারামপুরের তরুণীর অনশন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার এক তরুণী। এ ঘটনায় তিনি প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

 

জানা যায়, বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামের মৃত জালাল হোসেনের মেয়ে সানিয়া আক্তার মিম (১৭) গত মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল থেকে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ি ইউনিয়নের পূর্ব-কামারকাঠী গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে প্রেমিক রাতুলের বাড়িতে অবস্থান করছেন।

 

সানিয়ার অভিযোগ, ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে রাতুলের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে রাতুলের পরামর্শে তিনি নেছারাবাদে তার এক খালুর বাড়িতে বেড়াতে আসেন। পরবর্তীতে তাদের সম্পর্কের বিষয়টি উভয় পরিবারকে জানানো হলেও রাতুলের পরিবার তাকে মেনে নেয়নি।

 

সানিয়া দাবি করেন, একপর্যায়ে রাতুল তাকে তাদের বাড়িতে চলে আসতে বলেন। তার কথামতো বাড়িতে গেলে রাতুলের মা তার সঙ্গে খারাপ আচরণ করেন। পরে রাতুলকে বাড়ি থেকে সরিয়ে দেওয়া হয় এবং পরিবারের সদস্যরা ঘরে তালা ঝুলিয়ে চলে যান।

 

তিনি আরও বলেন, “রাতুলের সঙ্গে আমার সম্পর্ক ও বিয়ের বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে যাব না।”

 

এদিকে বুধবার (২৬ আগস্ট) রাতে নেছারাবাদ থানায় প্রেমিক রাতুল ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সানিয়া আক্তার মিম।

 

তবে এ বিষয়ে রাতুল ও তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

 

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, “ওই তরুণী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button